রাজশাহী

অস্ত্র হাতে নাচানাচির ভিডিও ভাইরালের পর ৭ যুবক গ্রেপ্তার

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম

রাজশাহীতে অস্ত্র নিয়ে নাচানাচি করা কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ত্র হাতে দলবেঁধে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাতে ওই সাত যুবককে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন রফিকুল ইসলাম সম্রাট (২১), নাজমুস সাকিব আবির (২১), মোহাইমিনুল শেখ (২০), জিসাদ (২০), সোহেল রানা (২১), মনিরুল ইসলাম অপূর্ব (২২) ও মারুফ হোসেন (২১)। তারা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার রাজশাহীর বেশ কয়েকজন যুবক অস্ত্র হাতে নাচানাচির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বাদ্যের তালে তালে চাইনিজ কুড়াল, ধারালো ছুরি, রামদা ও অন্য দেশীয় অস্ত্র নিয়ে কিছু কিশোর ও যুবক নাচানাচি করছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে বুধবার দুপুরে রাজশাহীর শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম জোনের উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি।

তিনি জানান, ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নৃত্যের সময় যে সব অস্ত্র তাদের কাছে দেখা গিয়েছিল সেগুলো উদ্ধার করা হয়েছে।
 
তিনি বলেন, রাজশাহীতে কিশোর গ্যাংয়ের একটি তালিকা করা আছে। আটককৃতরা এই তালিকার বাইরের। এই গ্রুপের সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত