নেতাকে না পেয়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম

টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিকেলে বাড্ডা থানার ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজ উদ্দিন বাদলের বাসায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। বিকেল ৪টা থেকে টানা প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় বাদলকে না পেয়ে পাঁচতলা বাড়ির প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষে তল্লাশি চালায় পুলিশ। বাদলকে না পেয়ে যাওয়ার সময় জোরপূর্বক বাড়ির গ্যারেজ ভেঙে তাদের ব্যবহারের নোয়া মাইক্রো গাড়ি নিয়ে গেছে। বাড্ডা থানা বিএনপির পক্ষ থেকে তল্লাশির নামে গুন্ডামির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আরও জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন স্থান থেকে মো. মানিক মিয়া ও খিলক্ষেত থানাধীন ৯৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. সায়েম মন্ডল, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তালেব, দারুস সালাম থানা ছাত্রদল নেতা মো. রুমন আহমেদ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. ফারুক হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে দক্ষিণ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী ফারুকুল ইসলাম সেলিমকে গত মঙ্গলবার রাতে শান্তিনগর থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। কোনো থানাও হস্তান্তর করা হয়নি। 

এ বিষয়ে সেলিমের স্ত্রী শামসুন্নাহার সাংবাদিকদের জানিয়েছেন, সেলিমকে গত মঙ্গলবার রাতে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ শান্তিনগর থেকে তুলে নিয়ে যায়। আমার স্বামীকে এখন পর্যন্ত কোর্টে ওঠানো হয়নি। ডিবি অফিসে স্বামীর খোঁজ জানতে গেলে তাদের কাছেও কোনো সদুত্তর পাইনি। আমি আমার স্বামীর সন্ধান চাই।

এছাড়া দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধের সমর্থনে দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা থানায় থানায় বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিভিন্নস্থান থেকে ৩৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত