অপু বিশ্বাস শাকিবের সন্তান বীরকে ভালোবাসলেও বুবলীকে ঘৃণা করেন এমন কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই বক্তব্যের সত্যতা ও সমসাময়িক বিষয় নিয়ে অপু বিশ্বাসের মুখোমুখি হয়েছেন মাহতাব হোসেন
আপনার দৈনন্দিন ও অভিনয় জীবন কেমন যাচ্ছে, কীভাবে যাচ্ছে?
এখন নতুন সিনেমা নিয়ে কথা চলছে। এরমধ্যে রয়েছে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। এর আগে আমি ছায়াবাজি ওয়েবফিল্মে কাজ করেছি। সেটা দর্শকরা গ্রহণ করেছে। সিনেমা ছাড়াও আমাকে ওয়েব দুনিয়া নিয়ে ভাবতে হচ্ছে।
অর্থাৎ সময়ের সঙ্গে আপনি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন?
হ্যাঁ, অবশ্যই। আপনি ট্রেন্ডকে অস্বীকার করতে পারবেন না। কেউ পারবে না। তাহলে তাকে পিছিয়ে পড়তে হবে। নিজেকে সময়ের সঙ্গে তৈরি করতে সময় লাগবে, কিন্তু ট্রেন্ডের সঙ্গেই থাকতে হবে।
অপু বিশ্বাসকে এখন ছোট পর্দার দর্শকরা নিয়মিত দেখতে পারবেন?
আমি বিষয়টা ওভাবে বলতে চাই না। একটা সময় মনে করতাম আমি চলচ্চিত্র নায়িকা আমি কেন টেলিভিশন নাটক করব? সে সময় কিন্তু বড় পর্দার অনেক জনপ্রিয় শিল্পীরাও নাটক করছিলেন। আমার কখনো ওসব ভাবনা হয়নি। কিন্তু এখন রিয়েলিটি হচ্ছে ট্রেন্ড অনুসরণ করা। এছাড়া ফ্যাশন শুট, শোরুম উদ্বোধন ও বিভিন্ন ধরনের কাজ নিয়েই ব্যস্ত থাকতে হচ্ছে।
অপু বিশ্বাস এখন শোরুম উদ্বোধন করা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, এই নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়।
আমিও জানি, অপু বিশ্বাসকে কিছু কিছু মানুষ দুই লাইন লিখে ব্যঙ্গ করে ফেলেন। তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, অপু বিশ্বাসের ক্যারিয়ার কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে ত্যাগ, পরিশ্রম ও কষ্টের গল্প। আর শোরুম উদ্বোধন নিয়ে যারা কথা বলেন, তাদের বলি শোরুম উদ্বোধন কিন্তু যাকে-তাকে দিয়ে করানো হয় না, যার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে তাকে দিয়েই করানো হয়। একজন প্রধানমন্ত্রীই কিন্তু থার্ড টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করতে পারেন, সাধারণ কেউ নন।
আপনি বলেছেন ছেলে বীরকে ভালোবাসলেও বুবলীকে ঘৃণা করেন? এটা কি আসলেই বলেছিলেন?
হ্যাঁ, আসলেই বলেছি। একটি টেলিভিশন শোতে আমি বলেছি, বুবলীকে ঘৃণা করি। আমি সত্যিই ওকে ঘৃণা করি। বুবলী যেটা করেছে, এতে করে সেও সুখে নেই, আমিও সুখে নেই। আমি বুবলীকে হেইট করি বলতে পারতাম কিন্তু ইংরেজি শব্দতে পুরোপুরি অভিব্যক্তি প্রকাশ পায় না। আমার কাছে ঘৃণা শব্দটিই যথোপযুক্ত। আর যারা এটাকে বাজেভাবে ছড়াচ্ছেন, তাদের বলতে চাই, আপনারা নিজেদের পরিবারের দিকে খেয়াল করে দেখুন তো কেউ যদি আপনার বোনের সঙ্গে এমন করে তাহলে আপনি কী বলতেন?
সিনেমায় শাকিব খান নানা সময়ে গুন্ডাদের কাছ থেকে আপনাকে উদ্ধার করেছেন। বাস্তবে কখনো এমন ঘটনা আছে?
২০০৯ সালের ঘটনা, এফডিসিতে একটি ঝামেলা হয়েছিল। ওই সময় প্রায় তিনশ লোক আমাকে আক্রমণ করতে আসে। সে সময় শাকিব আমাকে সত্যিকার নায়ক হয়ে এসে উদ্ধার করে। শাকিব সে সময় নায়কোচিত কাজটি না করলে হয়তো অনেক বড় বিপদে পড়ে যেতাম। শাকিব শুধু সিনেমার নায়ক নন, বাস্তবেও অনেক বড় নায়ক।
