২৫ বছর লাভ করেছেন, দুই বছর ঝুঁকি নিতে পারবেন না: শামীম পাটোয়ারী

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তারা বলেন, যে শিল্পে কাজ করে একজন শ্রমিক ৩০ দিন খেতে পারেন না, বাচ্চার স্কুলের বেতন দিতে পারেন না, ২০ দিনের মাথায় বেতন শেষ হয়ে যায়, সেই শিল্পের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। একটা খাতের উন্নয়ন হচ্ছে মনে হলেও সে খাতের শ্রমিকদেরও উন্নয়ন করতে হবে।

তারা বলেন, আমরা গার্মেন্টস মালিকদের চকচকে বাড়ি দেখি, কারখানাও চকচকে দেখছি। গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্যের উন্নতি দেখছি না। সকালে যখন হাঁটি, তখন দেখি হাজার হাজার মেয়ে হেঁটে যাচ্ছে, সবাই লিকলিকে। কারও স্বাস্থ্য ভালো না, খেতে পারে না ঠিকমতো।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৩ পাসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা।

এই আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, অনেক মালিক বলেন বেতন বাড়ালে কিছু পোশাক কারখানা ঝরে পড়তে পারে। ২৫ বছর ধরে আপনি লাভ করেছেন, দুই বছর ঝুঁকি নিতে পারবেন না? এই লাভে বাড়ি করেছেন তিনটা, চারটা, পাঁচটা। দেশে-বিদেশে ছেলেমেয়েকে পড়াচ্ছেন। শ্রমিকদের বেতন বাড়ানোর ঝুঁকি নিতে হবে। পাশাপাশি বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করে মূল্য বাড়াতে হবে। সবকিছুর সমন্বয়য় করে শ্রমিক স্বস্তিতে না থাকলে দেশ স্বস্তিতে থাকবে না।

একই দলের ডা. রুস্তম আলী ফরাজী বলেন, পোশাক শ্রমিকেরা অনেক দুর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকপক্ষ সেভাবে যত্নশীল নয়। বাচ্চাদের জন্য ডে-কেয়ার সেন্টার নেই। হাসপাতাল নেই। বেতন ভাতা কম। অনেক সমস্যায় জর্জরিত শ্রমিকেরা। এ দিকটা খেয়াল করা দরকার। মালিকেরা টাকার পাহাড় গড়বে আর শ্রমিকেরা প্রয়োজনমতো অর্থ পাবেন না, তা মানবিক নয়।

একই দলের সদস্য ফখরুল ইমাম বলেন, আজকে গার্মেন্টস শিল্প খুব মুশকিলে আছে। সারাদিন কাজ করে নিজের খরচটুকু উপার্জন করা না গেলে, সেই কাজটার সার্থকতা থাকে না। সেটা জোর করে কাজ করার শামিল হয়। এদিকে সরকার ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি দেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত