স্বামীর সঙ্গে করবা চৌথের (আশ্বিন মাসে পূর্ণিমার পরে চতুর্থ দিনে উত্তর ও পশ্চিম ভারতের হিন্দু নারীদের দ্বারা পালিত একটি উৎসব) কেনাকাটা করতে গিয়েছিলেন। বাড়ি ফিরে আসার ঘণ্টাখানেকের মধ্যে সন্তানকে নিয়ে দেওরের সঙ্গে পালিয়ে গেলেন তরুণী।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটের বাসিন্দা ওই তরুণীর স্বামী অশোক স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।
২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে। তাদের ১৮ মাসের ছেলেও রয়েছে। ৪ বছরের দাম্পত্য সম্পর্কে তেমন কোনো দূরত্ব তৈরি হয়নি। অশোক পেশায় মজুর। অধিকাংশ সময় তিনি বাড়ির বাইরে থাকতেন। তবু তিনজনের সংসারে কোনো সমস্যা ছিল না। মাসখানেক আগে অশোকের চাচাতো ভাই রাহুল বেড়াতে আসেন তাদের বাড়িতে। কিছুদিন থেকে চলেও যান তিনি। অশোকের দাবি, রাহুল চলে যাওয়ার পর থেকেই স্ত্রীর মধ্যে নানা পরিবর্তন লক্ষ করেন তিনি। কিন্তু বিষয়টি প্রথম দিকে ধরতে পারেননি। তবে তিনি নিশ্চিত হন, যখন কিছুদিনের মধ্যেই আবার রাহুল ফিরে আসেন। রাহুলের সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা অশোক বুঝতে পারেন।
ঘটনার দিন সকালে স্ত্রীকে নিয়ে করবা চৌথের বাজার করতে গিয়েছিলেন অশোক। স্ত্রীর চাহিদামতো সবকিছু কিনেও দেন তিনি। তার পর স্ত্রীকে বাড়িতে রেখে তিনি কাজে চলে যান। কাজ থেকে ফিরে আসার পর তিনি দেখেন বাড়ির দরজায় তালা দেওয়া। তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে চোখে পড়ে আলমারি খোলা। ১৫ হাজার টাকার গয়নাও উধাও। আসলে কী ঘটেছে সেটা বুঝতে কোনো সমস্যা হয়নি অশোকের। তবে শিশুটিকে ফেরত পেতেই থানায় অভিযোগ করেছেন।
