আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এসে হামলার শিকার হয়েছেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার । এ সময় ধাওয়া খেয়ে সমাবেশস্থল ত্যাগ করে একটি আবাসিক হোটেলে আশ্রয় নিতে গেলে সেখানে আওয়ামী লীগের কর্মীদের মারধরের শিকার হন মেয়র। স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার জন্য স্থানীয় এমপিকে দোষারোপ করেন মেয়র আনোয়ার হোসেন।
খবর পেয়ে মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খান একদল পুলিশ নিয়ে উত্তেজিত নেতা-কর্মীদের হাত থেকে পৌর মেয়রকে রক্ষা করেন। এ সময় একটি আবাসিক হোটেলের কলাপসিবল গেটের অভ্যন্তরে তার কয়েকজন সহযোগীকে নিয়ে অবরুদ্ধ অবস্থায় দেখা গেছে।
স্থানীয় সংসদ সদস্য মহিব্বুর রহমান এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের জের ধরে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটা পৌর মেয়রের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিস্তারিত খোঁজখবর নিয়েছি।
মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খান মেয়রের ওপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, উত্তেজিত নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
