দুর্নীতির মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ৮ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন।
গত বুধবার পাপিয়াকে এ মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছিল হাইকোর্ট। পরে জামিনের এ আদেশ স্থগিত চেয়ে গতকাল চেম্বার আদালতে আবেদন করে দুদক। আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। পাপিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রবিউল আলম বুদু।
অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘মামলাটিতে ইতিমধ্যে ১৩ জনের সাক্ষ্য হয়ে গেছে। বিচারের এই পর্যায়ে আসামির জামিন সমীচীন হবে না এমন যুক্তি তুলে ধরেছি। আদালত জামিন স্থগিত করেছেন। এই সময়ের মধ্যে আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করব।’
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সভাপতি (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর দুজনের বিরুদ্ধে অস্ত্র, আইন ও দুর্নীতির অভিযোগসহ বেশকিছু মামলা হয়।
