শাহজাদপুরে দুই ইউপি আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোজনা ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রতিবাদে শুক্রবার বিকেলে পোরজনা বাজার সড়কে পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও বেলতৈলের বেতকান্দি বাজার সড়কে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন বিশ্বাসের সভাপতিত্বে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

পুলিশ ও আওয়ামী লীগ নেতারা জানান, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগে আওয়ামী লীগের দরজা ও জানালার বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এ বিষয়ে পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন বিশ্বাস বলেন, বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা সারা দেশের ন্যায় শাহজাদপুরেও শৃঙ্খলা ভঙ্গ করে অগ্নিসন্ত্রাস, খুন ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া এ দু’টি ঘটনাস্থল থেকে আলমত হিসেবে বেশ কয়েকটি পেট্রোল বোমার খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, বিএনপির আন্দোলনে ভয় পেয়ে আওয়ামী লীগের লোকজন নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে এ ধরণের ঘটনা ঘটিয়ে আমাদের দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। কিন্তু আমরা এ ন্যায় আন্দোলন থেকে কিছুতেই পিছু হটবো না। এ স্বৈরাচারি সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথের এ আন্দোলন অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত