আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। ভোটের আগের পরিস্থিতি দেখতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কনওয়েলথের একটি প্রাক-নির্বাচনী দল আসতে পারে।
শুক্রবার (৩ নভেম্বর) ইসি সূত্রে জানা যায়, আগামী ১৯-২৩ নভেম্বর কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করতে পারে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি-অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন তাদের পরিচালক (ইলেকশন মনিটরিং)। আশা করি, তারা নির্বাচন পর্যবেক্ষণেও আসবে।
এর আগে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) প্রাক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ টিম পাঠিয়েছিল। তারা পরে পূর্ণাঙ্গ টিম না পাঠিয়ে ছোট টিম পাঠানোর সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন আহ্বান করেছে ইসি। এক্ষেত্রে আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
