মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে জাতীয় চার নেতাকে হত্যা: এমপি মানিক

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৫০ পিএম

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সুনামগঞ্জ ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর দেশের কিছু কুলাঙ্গার আমাদের জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হন , সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান।

তিনি বলেন, ১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর একই সূত্রে গাঁথা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই তার চার বিশ্বস্ত সহযোগীকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানি কায়দায় দেশ শাসন করা। ১৫ই আগস্টের জঘন্য হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক এই জাতীয় চার নেতাকে তার পাশে চেয়েছিল। কিন্তু তারা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন।  ১৫ই আগস্টের জঘন্যতম ঘটনার পর একই বছরের ২৩ আগস্ট এই জাতীয় চার নেতাকে বন্দী করে কারাগারে প্রেরণ করা হয় এবং আজকের দিনে তাদের হত্যা করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে জেলহত্যা দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  

ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, বিএনপি জামায়াত দেশের ও জনগণের শত্রু। তারা আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে। আগামী নির্বাচনে দেশের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে ও মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ শাসনের সুযোগ করে দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো.আফজাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার সফর আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত