গাইবান্ধার ফুলছড়িতে শোকাবহ জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। সভায় বক্তব্য দেন প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর এই দিনে ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতক চক্র।
সেদিন কারাগারের নির্জন প্রকোষ্ঠে চার জাতীয় নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দুই সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়। সেই ঘাতক চক্রের প্রেতাত্মারা এখনো সক্রিয়। ওই দোসর থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আগামী নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী বুবলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু তার হাতে বাংলাদেশে অগণিত নেতা তৈরি করেছিলেন, তার মধ্যে জাতীয় চার নেতা উল্লেখযোগ্য, জাতির পিতা বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর হিসেবে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত, শতভাগ সৎ ও নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমী বঙ্গবন্ধুর নেতৃত্বে অসামান্য অবদান রেখে গেছেন, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম।’ আলোচনা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
