গত মাসের ২০ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মার্টিন স্কোরসেজি পরিচালিত চলচ্চিত্র ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন হলিউড মেগাস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। ডিক্যাপ্রিও এবং মার্টিন স্কোরসেজির টানা পাঁচটি বক্স অফিস সাফল্যের পর এই চলচ্চিত্রটি ঘিরেও দর্শক প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে তাণ্ডব চালাতে না পারলেও আয়ের গ্রাফ ধরে রেখেছে সিনেমাটি।
‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ এ বছরের কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে প্রশংসিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। ২০১৭ সালে প্রকাশিত ডেভিড গ্রানের লেখা বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন : দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’-এর ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ১৯২০-এর দশকে উত্তর-পূর্ব ওকলাহোমাভিত্তিক ওসেজ নেশনের সদস্যদের ঘিরে নির্মিত হয়েছে এটি, যারা অশুভ কারণে খুন হচ্ছে। নবগঠিত এফবিআই কর্মকর্তা তদন্ত করতে ঘটনাস্থলে আসেন এবং একটি ভয়ংকর অপারেশন উন্মোচন করেন। এমন গল্পই তুলে ধরেছেন স্কোরসেজি।
মুক্তি পাওয়ার ১৫ দিন পর বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করেছে ক্যাপ্রিওর এই সিনেমাটি। এটি ২০০ মিলিয়ন বাজেটে নির্মিত হয়েছে। কিলারস অব দ্য ফ্লাওয়ার মুনের বর্তমান বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১০২.১ মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ৪৫.৩ মিলিয়ন দেশীয় বাজার এবং ৫৬.৮ মিলিয়ন আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে।
৮ নভেম্বর ডিজনি/মার্ভেলের ‘দ্য মার্ভেলস’ মুক্তির আগে আর কোনো বিগ বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না। যার ফলে বক্স অফিসে কিছুটা সময় পাচ্ছে স্কোরসেজি-ক্যাপ্রিও জুটির সিনেমাটি। তবে টেলর সুইফটের কনসার্ট ফিল্মটি অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত ব্যবসা করছে বক্স অফিসে, যার ফলে বেশ কিছু অঞ্চলে পিছিয়ে পড়েছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’।
