হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:২৬ এএম

আলোকিত মানুষ তৈরির ‘ফ্যাক্টরি’ বলে খ্যাত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে উপস্থিত হতে থাকেন। বহুদিন পর স্কুলজীবনের সহপাঠীকে পেয়ে আনন্দে ফেটে পড়েন। তারা একে অপরকে ধরে আলিঙ্গন করেন। সেলফি তোলেন। ১০ একরের বিশাল চত্বরে তারা আড্ডা গল্প গানে মেতে ওঠেন।

১৯৪৭ সালে পাস করেছিলেন নূরুল হোসেন। ১৪০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র পুনর্মিলনীতে তিনিও এসেছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের চত্বরে। প্রায় ৯২ বছরের এ প্রবীণ এখন হুইলচেয়ারের ওপর নির্ভরশীল হলেও তার সন্তানদের নিয়ে বেশ কিছু সময় কাটিয়েছেন স্কুল প্রাঙ্গণে। স্কুল থেকে বের হওয়ার পর আর সেখানে আসা হয়নি। অনেকের মতো তিনিও হুইলচেয়ারে বসে দেখেছেন প্রিয় স্কুলের প্রতিটি কোণ।

গতকাল বেলা ১১টায় স্থানীয় এমপি আবু জাহির জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর শুরু হয় স্মৃতিচারণ ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ত্রিলোক কান্তি বিজন। সদস্য সচিব মনজুর উদ্দিন আহমেদ শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত