বিরোধী দলের সভা-সমাবেশকে কেন্দ্র করে হামলা, মামলা, গ্রেপ্তার ও দমন-পীড়ন বন্ধ করাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার আহ্বায়ক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি বরিশাল শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল শাখার সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাসদ (মার্কসবাদী) বরিশাল শাখার সমন্বয়ক সাইদুর রহমান, কমিউনিস্ট পার্টি বরিশাল শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র মজুমদার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলগুলোর সব মতকে প্রত্যাখ্যান করে বিভিন্ন সভা-সমাবেশকে কেন্দ্র করে হামলা-মামলা চালাচ্ছে, গ্রেপ্তার করছে সব বিরোধী মত দেওয়া মানুষকে। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করে সরকার তার গণবিরোধী চরিত্র উন্মোচিত করেছে। তাই অবিলম্বে গার্মেন্টস শ্রমিক ইমরান ও রাসেল হত্যার বিচার এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের কাছে দাবি জানান।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
