মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক আন্দোলনের পর রবিবার সকাল থেকে তৈরি পোশাক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। এর ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকার তৈরি পোশাক শ্রমিকেরা সারিবদ্ধভাবে কারখানায় প্রবেশ করে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয়। কয়েকটি স্থানে সড়কের পাশে অপেক্ষারত শ্রমিকদের পুলিশ কারখানায় চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে জলকামান। এসব এলাকার সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি বলেন, আশুলিয়া ও সাভারে আজ সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।
