বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা থেকে তুলে কলাবাগানে নিয়ে স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকের বিরুদ্ধে। অভিযুক্ত কৃষক এরশাদ আলী (৪৫) ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর দাদা বাদী হয়ে রবিবার (৫ নভেম্বর) সকালে এরশাদ আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এরশাদ আলীর প্রতিবেশী এক কৃষকের মেয়ে। মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ওই স্কুলছাত্রী ১ নভেম্বর দুপুরের দিকে বিশ্বহরিগাছা গ্রামের প্রতিবেশী বুলি খাতুনের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। এসময় এরশাদ মন্ডল ফাঁকা রাস্তা থেকে কাঁধে করে তুলে নিয়ে পাশেই কলাবাগানের ভেতর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে এরশাদ মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে এরশাদ আলী মন্ডল পলাতক রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
