কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ডটা ভেঙে দেবে, কোহলিকে টেন্ডুলকার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১২:৫৭ এএম

কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন কোহলি। অন্যভাবে বললে, ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের একার মালিকানায় এখন ভাগ বসিয়েছেন কোহলি।

টেন্ডুলকার তাঁর ৪৯তম সেঞ্চুরিটি করেছিলেন ২০১২ সালে ঢাকায়, বাংলাদেশের বিপক্ষে। সেটি ছিল ওয়ানডেতে তাঁর ৪৫১তম ইনিংস। রবিবার কোহলি সেটি ছুঁয়ে ফেলেছেন ২৭৭ ইনিংসেই। এমন দুর্দান্ত কীর্তিতে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন টেন্ডুলকার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় ৪৯তম সেঞ্চুরির অভিনন্দনের চেয়ে বেশি আছে ৫০তম সেঞ্চুরির শুভকামনা। আর সেটাও মজার সুরে। 

গত এপ্রিলে ৫০ বছরে পা রাখা টেন্ডুলকার কোহলির উদ্দেশে লিখেছেন, ‘ভালো খেলেছ, বিরাট। ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছিল। আশা করি, তুমি ৪৯ থেকে ৫০-এ গিয়ে সামনের কয়েক দিনের মধ্যেই আমার রেকর্ডটা ভেঙে দেবে। অভিনন্দন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত