হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার পাশাপাশি লেবাননেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় চার বেসামরিক নিহতের ঘটনা ঘটেছে। এ হামলায় তিন শিশু এবং তাদের দাদি নিহত হয়েছে। বেসামরিক মৃত্যুর বিষয়টি স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা এবং লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে।
এতে করে লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন করে বিপজ্জনক সংঘাত বৃদ্ধির সম্ভাবনা বেড়ে গেছে। খবর আল জাজিরা।
এ বিষয়ে রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই বলেন, হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি নিহত হয়েছে। তবে নিহত ওই ব্যক্তি বেসামরিক নাকি সৈনিক তা তিনি উল্লেখ করেননি।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি লেবাননের পরিবারের ওপর হামলার জন্য কোনো প্রতিক্রিয়া বা দুঃখ প্রকাশ করেননি। তিনি বলেন, “লেবাননের বিষয়ে, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আক্রমণ করি এবং আক্রমণ চালিয়ে যাব। এটাই আমাদের মিশন। আমাদের কেউ হুমকি দিলেই আমরা তাদের আক্রমণ করব।”
এদিকে ইরানপন্থী শিয়া সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে যে, ইসরায়েলের জঘন্য ও নৃশংস হামলার জবাবে উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনাতে একাধিক গ্র্যাড রকেট নিক্ষেপ করেছে তারা।
হিজবুল্লাহর আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহ বলেন, "বেসামরিকদের বিরুদ্ধে অপরাধের মূল্য দিতে হবে শত্রুদের।"
হামাসের হামলার পরদিন ৮ অক্টোবর থেকেই ইসরায়েল ও হামাস সংঘর্ষে জড়িয়ে পরে ইরানপন্থী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এরপর থেকেই নিয়মিত ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষ চলছে।
