আফিমশূন্য আফগানিস্তান, কৃষকের আয় কমল ১২৬ কোটি ডলার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ পিএম

তালিবান শাসিত আফগানিস্তানে এক বছরে ৯৫ শতাংশ আফিমের উৎপাদন কমেছে। সম্প্রতি জাতিসংঘের অফিস অব ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এ তথ্য জানায়।

২০২২ সালের এপ্রিলে আফিম চাষে নিষেধাজ্ঞা জারি করে তালিবান। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ। সেখান থেকেই ইউরোপ ও এশিয়ায় হেরোইন যেত।

ইউএনওডিসির রিপোর্টে বলা হয়েছে, গত বছর দুই লাখ ৩৩ হাজার হেক্টরে আফিম চাষ হয়েছিল। এবার হয়েছে ১০ হাজার ৮০০ হেক্টরে। এছাড়া গত বছর আফিম উৎপাদন হয়েছিল ছয় হাজার ২০০ টন, এবার তা কমে দাঁড়িয়েছে ৩৩৩ টনে। 

ফলে চলতি বছর যে চাষ হয়েছে, তার থেকে ২৪ থেকে ৩৮ টন হেরোইন রপ্তানি করা যাবে। ২০২২ সালে রপ্তানি করা হয়েছিল ৩৫০ থেকে ৫৮০ টন। গত বছর আফিম চাষ করে কৃষকদের রোজগার হয়েছিল ১৩৬ কোটি ডলার। এ বছর তা কমে দাঁড়িয়েছে ১১ কোটি ডলারে।

রিপোর্টে বলা হয়েছে, যারা আফিম চাষ করত, তারা যাতে অস্ত্র পাচার বা অন্য কোনো বেআইনি কাজ না করে, তার দিকে নজর রাখা উচিত।

ইউএনওডিসির এক্সিকিউটিভ ডিরেক্টর ঘাডা ওয়ালি বলেছেন, আফগানিস্তানের মানুষের জন্য মানবিক ত্রাণ খুবই জরুরি। ধান ও তুলা চাষের জন্য প্রচুর পানি দরকার হয়। আফগানিস্তানে পরপর তিন বছর খরা হয়েছে। তাই মানুষকে বাঁচাতে সেখানে বিনিয়োগ দরকার। তাহলেই আফগানদের আফিম চাষ থেকে সরিয়ে আনা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত