বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানো প্রথম আফগান ইব্রাহিম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম

এই বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটছে আফগানিস্তানের ক্রিকেটারদের। মুম্বাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে নামার আগেই আসে একটি সুসংবাদ। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হয় তাদের। এরপর আজকের ম্যাচে নেমে অনন্য এক কীর্তি গড়েন আফগান ওপেনার ইব্রাহিম জাদরান। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ মঞ্চে করেন সেঞ্চুরি। পুরো ইনিংস ক্যারি করে অপরাজিত থাকেন ১৪৩ বলে ১২৯ রান করে।

ম্যাচের আগে আফগান অনুশীলনে উপস্থিত হয়েছিলেন ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার। সে সময় শচিনের সঙ্গে আলাপ হয় ইব্রাহিমের। শচিনও ভাগ করেন তার অভিজ্ঞতা। ইব্রাহিম শচিনকে বলেছিলেন, ‘আমি আপনার মতো ব্যাটিং করতে চাই। আমিও বিশ্বকাপে সেঞ্চুরি করবো।’ একদিন পরেই নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করলেন ইব্রাহিম।

ইনিংস বিরতিতে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করতে পেরে খুবই ভালো লাগছে। আমি সামনেও আরও সেঞ্চুরি করতে চাই।’

এর আগে পাাকিস্তানের সঙ্গে অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই ম্যাচে ৮৭ রান করেছিলেন তিনি। ২৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৪৭.৬২ গড়ে ১১৪৩ রান করেছেন ইব্রাহিম। আজকের সেঞ্চুরিটি ছিল তার ক্যারিয়ারের পঞ্চম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত