বঙ্গবন্ধু টানেলে ‘রেসিংয়ে’ অংশ নেওয়া ৬ গাড়ি জব্দ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৩ পিএম

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে গত ২৯ অক্টোবর রাতে কিছু প্রাইভেট কার  প্রতিযোগিতায় নামে। টানেলের আনোয়ারা অংশের অ্যাপ্রোচ সড়কে (চায়না হারবাল ক্রসিং) এবং টানেলের ভেতরে এই প্রতিযোগিতায় হয়।

এ ঘটনায় ১ নভেম্বর রাতে কর্ণফুলী থানায় সাতটি গাড়ির বিরুদ্ধে মামলা করে টানেলের পরিচালনা কর্তৃপক্ষ।

মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে বঙ্গবন্ধু টানেলে ‘রেসিংয়ে’ অংশ নেওয়া ৬টি গাড়ি জব্দ ও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দু’জন হলেন রেসিংয়ে অংশ নেওয়া গাড়ির মালিক মো. আশরাফুল এবং মো. ইমরান। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা।

উপ-কমিশনার শাকিলা বলেন, এগুলোর মধ্যে কিছু গাড়ির মালিকানা পরিবর্তন হয়েছে, মালিকের ফোন নম্বর না থাকায় শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। মামলায় যে গাড়িগুলোর নম্বর উল্লেখ করা হয়েছিল, সেগুলোর মধ্যে দুই গাড়ি মালিক আগেই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত