যশোরে দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি দোকানের কর্মচারী খুন হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের বড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রাজিম খান (১৭) সদর উপজেলার ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাদল খানের ছেলে ও ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বাজারের কাপুড়িয়াপট্টিতে এক দোকান কর্মচারী খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিক কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে জানা যায়নি।

নিহত কিশোরের বাবা বাদল খান জানান, চুরিপট্টিতে ভাই ভাই হোসেয়ারি নামে একটি কাপড়ের দোকানে কাজ করতো রাজিম। রাতে দোকান থেকে বেরিয়ে পাশে মুরগী বাজারের কাছে গেলে ৫ থেকে ৬ যুবকের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং তারা তাকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয় একজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত কুমার পোদ্দার জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে ওই কিশোরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত