প্রায় এক মাস সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকার পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটির ওপর থেকে আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাদ্দাম ও ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শাখা ছাত্রলীগের নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভবিষ্যতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত হবে না এই শর্তে কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সকল অপশক্তির বিরুদ্ধে আমরা কাজ করব। সেই সাথে যদি কেন্দ্রীয় ছাত্রলীগ আমাদের নির্দেশ দেয় তাহলে নির্বাচনের আগেই আমরা যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করব।
শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, বর্তমান সময়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস রুখে দিতে যবিপ্রবি ছাত্রলীগ সর্বদা প্রস্তত আছে। এছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত'কে প্রতিহত করে নৌকাকে বিজয়ী করতে আমরা কাজ করব।
উল্লেখ্য, গত মাসের ১৪ অক্টোবর যবিপ্রবিতে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের সুনাম ক্ষুণ্নের অভিযোগে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
