রাজশাহীর গোদাগাড়ীর দিয়াড় মানিকচক সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। তার নাম সামিরুল হক (১৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে।
ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। পুলিশও খবর পেয়ে গতকাল দুপুরে সমিরুলের মরদেহ উদ্ধার করেছে।
গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা জানান, সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। গতকাল সকালে সমিরুলসহ কয়েকজন মিলে দিয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল।
