খসরু, শাহজাহান দুদু, স্বপন রিমান্ড শেষে কারাগারে

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০০ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে বিভিন্ন মেয়াদে ভিন্ন মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার আমীর খসরু ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ছয় দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলম কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩ নভেম্বর তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য একটি আদালত। গত ২ নভেম্বর রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর গুলশানের আরেকটি বাসা থেকে একই দিন সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।

বাসে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার মামলায় শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড শেষে গতকাল ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৫ নভেম্বর তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য একটি আদালত। গত ৪ নভেম্বর শনিবার মধ্যরাতে রাজধানীর বনশ্রী থেকে ব্যারিস্টার শাহজাহানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তাকে কারাগারে পাঠান। গত ৬ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য একটি আদালত। গত ৫ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকার বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি।

রিমান্ড শেষে সারওয়ার্দী কারাগারে : ‘মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের’ অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. রশিদুল আলম এ আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জামাল উদ্দিন মীর আট দিনের রিমান্ড শেষে সারওয়ার্দীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসান সারওয়ার্দীর পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ৩১ অক্টোবর সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা হিসেবে মিয়া জাহিদুল ইসলাম আরেফি নামে এক ব্যক্তিকে নিয়ে ‘মিথ্যা পরিচয়ে’ বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করায় সারওয়ার্দীর বিরুদ্ধে এ মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত