বিরোধীদের গ্রেপ্তার নিয়ে মন্তব্য নেই ভারতের

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:০০ এএম

বাংলাদেশে নির্বাচন সামনে রেখে বিরোধী দলের নেতাদের ধরপাকড় নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই। তবে ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেশটি সম্মান করে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।

গতকাল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের কথা উল্লেখ করে এ বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয়। প্রশ্নকারী বলেন, বাংলাদেশে সাম্প্রতিক ধরপাকড় নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি। এ বিষয়ে ভারতের মনোভাব কী?

জবাবে অরিন্দম বাগচি বলেন, বিরোধীদের দমন, নেতাদের গ্রেপ্তার, জেলে ঢোকানো এসব মন্তব্য তার নয়। এগুলো প্রশ্নকারীর। তিনি বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।

বক্তব্যের ব্যাখ্যা দিয়ে অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। সে দেশের জনতাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তবে ভারত সে দেশের একটি ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। সেই হিসেবে সে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল। একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যকে ভারত সমর্থন জানিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত