নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে। আজ শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।
দুদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে যেসব আলাপ-আলোচনা হবে, তা নির্বাচনে দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তাদের মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানান কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহেই হয়তো তফশিল ঘোষণা হয়ে যাবে, সে জন্য আপনাদের আহ্বান জানাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন।’
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আপনারা সবই জানেন, নির্বাচন কীভাবে করতে হয়। আমরাও জানি কীভাবে নির্বাচন করাতে হয়। এর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে বা একটু গ্যাপ (ঘাটতি) থাকে, সে বিষয়ে আলোচনা হতে পারে।
নির্বাচনে কর্মকর্তাদের যে দায়িত্ব দেওয়া হবে, তা যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেন, যাকে খুশি তাকে দিতে পারেন—এটা নিশ্চিত করতে হবে।
অনুকরণীয় নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানিয়ে কমিশনার আহসান হাবিব বলেন, এখন কিন্তু আগের মতো দিন নেই। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড আমাদের নজরদারিতে রাখা হচ্ছে। এখন দৃশ্যমান সবকিছু। সব সময় বলি, মিডিয়ার ভাইয়েরা আমার চোখের কাজ করে। যাদের হাতে মোবাইল আছে, তারাও কিন্তু এ ধরনের অ্যাকটিভিটিস (তৎপরতা) করছে।