এই দেশ সবার, ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, এই দেশ আপনাদের-আমাদের, সবার। ধর্মীয় কিংবা রাজনৈতিক ভেদাভেদের কারণে দেশের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা চায় না। কোনো ধরনের ধর্মীয় বিভাজনে আমরা বিশ্বাস করি না এবং কাউকে তা করতেও দেওয়া হবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে, নির্ভয়ে এবং নিজের দেশ মনে করে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির যে বাংলাদেশ, আমরা সবাই মিলে সেই বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘এ দেশে কোনো হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম কোনো অবস্থাতেই চলবে না। প্রত্যেকে যার যার ধর্মীয় বিশ্বাস ও স্বাধীনতা নিয়ে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ কাউকে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবেন না।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা শত বছর ধরে একসঙ্গে বসবাস করছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকব। বাংলাদেশের কল্যাণে আমরা সবাই একসঙ্গে কাজ করব।’

বিরামপুর শহর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিপ্লব দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ সংসদীয় আসনের সাত ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিপ্লব দাসের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষের অংশগ্রহণে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত