বিয়ের ৯ মাস পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

জামালপুরে পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় মো. সিয়াম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

সিয়ামকে তার স্ত্রী জয়া ও তার ভাই হত্যা করেছে বলে দাবি সিয়ামের পরিবার ও স্থানীয়দের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিক্ষার্থীর স্ত্রী ছহেলী ছাবরিন জয়াকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ নভেম্বর) সকালে পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিয়াম ওই এলাকার গোলাম রাব্বানী ছেলে এবং সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজ শিক্ষার্থী সিয়াম নয় মাস আগে প্রেম করে ছহেলী ছাবরিন জয়াকে বিয়ে করেন। বিয়ে পরে সিয়াম স্ত্রী মাহিয়াকে নিয়ে তার বাবার বাড়িতেই থাকতেন। সিয়ামের পরিবারের সাথে স্ত্রী জয়া বনাবনি না হলে সিয়াম তার বাড়ির পাশেই একটি বাড়ি ভাড়া নেন। সেখানেই তারা বসবাস করতেন। ভাড়া বাসায় কয়েক মাস তাদের ভালোভাবেই কাটে। গত তিন-চার মাস ধরে সিয়াম ও মাহিয়ার মাঝে কলহের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাতে সিয়াম ব্যাডমিন্টন খেলে বাসায় এসে ঘুমিয়ে পড়েন। সকালে জয়া স্বামী সিয়ামকে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে সিয়ামের পরিবারকে খবর দেয়। পরে সিয়ামের পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় মৃত সিয়ামের স্ত্রী ছহেলী ছাবরিন জয়াকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ মহব্বত কবীর খান বলেন, হাসপাতাল থেকে মরদেহ আমরা উদ্ধার করেছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এই ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত