আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা-ভাঙচুর: পাঁচ মামলায় আসামি ১৫০০

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চলমান পোশাকশ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।

শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রমিক অসন্তোষের জেরে শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি এসব তথ্য জানান।

সারোয়ার আলম বলেন, কারাখানায় হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে এবং চার জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জনের নাম রয়েছে মামলার এজাহারে এবং ১ জন অজ্ঞাতনামা। তারা সবাই বিভিন্ন কারখানার শ্রমিক এবং হামলা ও ভাঙচুরের সাথে জড়িত। এছাড়া এসব মামলায় ১৬ জন এজহার নামীয় ও বাকি সবাই অজ্ঞাতনামা আসামি।

অজ্ঞাত কত জন আসামি রয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রেখে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়ে তিনি জানান, সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে এখানে এক হাজার ৭৯২টি কারখানার রয়েছে। এর মধ্যে ১৩০টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া কিছু কিছু কারখানায় সাধারণ ছুটি ছিল এগুলো আগামীকাল খুলে দেবে। 

এদিকে তিন মামলায় এজহার নামীয় ১৬ জন ছাড়াও অজ্ঞাত দেড় হাজার ব্যক্তি ও উসকানিদাতাদের আসামি করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত