২৮ অক্টোবর বিএনপি সমাবেশের পর থেকে গত ১৪ দিনে হরতাল, অবরোধে নাশকতা ও সহিংসতার ঘটনায় ১৩১টি মামলা হয়েছে। আর এসব মামলায় প্রায় এক হাজার ৮১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কেএন রায় নিয়তি শনিবার জানান, শুধু শুক্রবারই ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি’র গ্রেপ্তারের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, ডিএমপি’র অপরাধ নিয়ন্ত্রণে ৮ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে ৩৯২ জন। আর সবচেয়ে কম গ্রেপ্তার হয়েছে উত্তরা বিভাগে ৭২ জন। এছাড়া রমনা বিভাগে ৯০ জন, লালবাগ বিভাগে ৩৩২ জন, মতিঝিলে ৩০১, ওয়ারীতে ৩৩৪, তেজগাঁওয়ে ১৩৪ এবং গুলশান বিভাগে ১৫৮ জন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন জানান ডিএমপি পক্ষ থেকে অনুরোধ করে জানান, কেউ যেন কোনোভাবে রাজনৈতিক কর্মসূচির নামে কোন ধ্বংসাত্মক কার্যক্রম না করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
