বাংলাদেশি ভক্তকে পিঠ চাপড়ে শাহরুখ বললেন ‘গড ব্লেস ইউ বেটা’

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম

 

শাহরুখ খানের সঙ্গে বাংলাদেশি তিন ভক্ত (বা থেকে প্রথম সারিতে সোলায়মান, ফারজানা এবং পেছনের সারিতে দ্বিতীয় রোমান)

বিরতি কাটিয়ে চলতি বছরে শাহরুখ খান পর্দায় ফিরেছেন রাজার বেশে, দিয়েছেন দু-দুটি ব্লকবাস্টার হিট, গড়েছেন রেকর্ড। আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ডাঙ্কি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাকসেস পার্টি এবং আসন্ন সিনেমা নিয়ে কথা বলতে জন্মদিনের দিন আয়োজন করেন এক ফ্যান মিটের এবং সেখানে ঘণ্টাব্যাপী আড্ডা দেন ভক্তদের সঙ্গে। এই আয়োজনে শুধু একনজর শাহরুখকে দেখতে বিভিন্ন দেশ থেকে বান্দ্রায় উপস্থিত হন শতাধিক ভক্ত। তার মধ্যে ছিলেন তিন বাংলাদেশিও। সেই তিনজনের একজন হলেন নোয়াখালীর রোমান খন্দকার, অন্য দুজন মিরপুরের ফারজানা হক ও একেএম সোলায়মান দম্পতি।

‘এসআরকে ইউনিভার্স’ ফ্যান গ্রুপের বাংলাদেশ শাখা ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের এডমিন ফাহিম আজিজের মাধ্যমে মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ভা রঙ মন্দির স্টুডিওতে অনুষ্ঠিত ‘এসআরকে ডে’-এর ইভেন্ট পাস পান তারা তিনজন এবং সেখানে অংশ নেন।

 

বান্দ্রায় শাহরুখের তিন বাংলাদেশি ভক্ত

 

দেশ রূপান্তরের সঙ্গে যখন তাদের আলাপ হয় তখনো তারা মুম্বাইতে অবস্থান করছেন। এর মধ্যে মুম্বাইয়ের জুহুতে অবস্থান করছেন জানিয়ে ফারজানা হক বলেন, ‘আমি এবং আমার স্বামী সোলায়মান দুজনেই শাহরুখের ভীষণ ভক্ত। যখন জওয়ান সিনেমা মুক্তি পায় সেটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য আমরা মুম্বাইতে চলে এসেছিলাম এবং সে সময়ে মান্নাত থেকে শাহরুখকে দেখার একটু সুযোগ হয়েছিল। সেখান থেকে ফিরে আমরা সিদ্ধান্ত নিলাম তার জন্মদিনে আমরা আবার আসব। যেই ভাবা সেই কাজ। ফ্লাইট বুক করে ১ নভেম্বর চলে আসি। আমরা জানতে পেরেছিলাম যে, এসআরকে সবসময় বিশেষ ফ্যান মিট করে এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, তাই ইভেন্ট পাসের জন্য বেশ কয়েকটি ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করছিলাম। সব শেষে ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে সে আমাদের ব্যবস্থা করে দেয়।’

সেখানে সামনে থেকে শাহরুখকে দেখলেন এবং তার সঙ্গে কুশল বিনিময়ও করেন ফারজানা। সে মুহূর্তের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ইটস ওয়ান্স ইন অ্যা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পারব, এটা কল্পনারও বাইরে ছিল। তিনি আমার পিঠ চাপড়ে দিলেন, হ্যান্ডশেক করলেন এবং কিছু কথা বললেন আমার সঙ্গে যেটা সারাজীবন আমার মুখে হাসি ধরে রাখবে। একজন সুপারস্টার হওয়া সত্তে¡ও তিনি আমাকে একজন মূল্যবান ব্যক্তির মতো অনুভব করিয়েছিলেন এবং আমি এটা চিরকাল লালন করব।’

শাহরুখের সঙ্গে কী কথা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যখন ছবি তুলতে গেলাম তখন তাকে জানালাম যে, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা শুনে তিনি বলেন, ‘লেটস টেইক অ্যা গুড পিকচার’ এবং এরপর তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং ফেরার সময়ে এটাও বললেন, ‘মে গড ব্লেস ইউ বেটা, ট্রাভেল ব্যাক সেইফলি’।’ 

শাহরুখ তার ভক্তদের খালি হাতে ফেরাননি। ভালোবাসা দেওয়ার পাশাপাশি উপস্থিত সব ভক্তদের জন্য কিছু গিফটও দিয়েছেন। যার মধ্যে ছিল ব্যাগপ্যাক ও নতুন বছরের ক্যালেন্ডার। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত