বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের বিমান ছিল বিকেলে। সেদিন সকালেই একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান। রাতে সেটি প্রকাশ হতেই বিস্ফোরণ ঘটে যেন। সেখানে তামিম ইকবালের আচরণ বাচ্চাদের মতো, তার স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তোলাসহ নানা বিতর্কিত মন্তব্য করেন টাইগার অধিনায়ক। এ নিয়ে তামিম এখনও মুখ খুলেননি।
তবে এসব বিষয় দলের মধ্যে প্রভাব ফেলে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। টুর্নামেন্টের শেষে এসে বলাই যায় তা প্রভাব ফেলেছে। ৯ ম্যাচের মাত্র দুটিতে জয়। বাকি সবগুলোতেই হার, পরাজয় দেখতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। তাই ঘুরে ফিরে উঠে আসে পুরনো সেই প্রসঙ্গ।
এ বিষয়ে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মিক্সড জোনে টাইগার পেসার তাসকিন আহমেদের সঙ্গে কথা হয় বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিব-তামিম ইস্যু দলে কোনো প্রভাব ফেলেছে কিনা?
এর জবাবে তাসকিন বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে বিষয়টা আমাদের হাতে নেই। তবে এটুকুই বলব কোনো ঝামেলা হওয়া ভালো না। আমাদের নিয়ন্ত্রণে ছিল না এটা। আমাদের কাজ খেলা। তবে সমসময় ঝামেলা… মানে কারো সঙ্গে যদি হয়ে থাকে… সেটা না হওয়াই ভালো।’
