ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে গত কয়েক দিনের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানায় ১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। যার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১২টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার জনকে। ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রবিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখছেন কয়েকজন পোশাক শ্রমিক। আবার অনেকেই বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের আশুলিয়ায় আজও শ্রমিক অসন্তোষের কারণে ৬০টি পোশাক কারখানা বন্ধ আছে। গতকাল শনিবার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে মোট বন্ধ কারখানার সংখ্যা ছিল ১৩০।
