সালমান এফ রহমান বললেন

প্রধানমন্ত্রী জনগণকে কথা দিয়েছেন নির্বাচন নিরপেক্ষ হবে

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৫:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে কথা দিয়েছেন এবারের নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ সুন্দর ও শান্তিপূর্ণ হবে। তাঁর কথাটা রাখতে হলে আনসার ও ভিডিপিকে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি আশা করি আপনার দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন।’ 

আজ রবিবার (১২ নভেম্বর) ঢাকার নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘ঢাকা জেলা সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে পৃথিবীতে যে নতুন প্রযুক্তি এসেছে তার সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। আপনার ট্রেনিংয়ের সময় নতুন প্রযুক্তি ব্যবহার করে নিজেদের হিসেবে গড়ে তুলবেন। 

সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কারণে। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন এতে জনগণের উপকার হবে কি না। জনগণের ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি নেন না। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থাটির পরিচালক মো. আমিন উদ্দিন, সাইদুজ্জামান, আসলাম সিকদার, জেলা কমান্ড্যান্ট মো. আলমগীর সিকদার, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলমসহ আরো অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত