নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা জাহিদুর রহমান জাহিদকে (৪৪) কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
রবিবার (১২ নভম্বের) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কক্ষে এ ঘটনা ঘটছে। এ সময় চেয়ায়ম্যান জাহিদকে রামদা, ছুরি ও অনান্য ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপায় দুর্বৃত্তরা।
গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী পারইল ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যানের কক্ষে ইউপি সচিবের উপস্থিতে চেয়ারম্যানের সঙ্গে এক সেবা প্রত্যাশী কথা বলছিলেন। এসময় এক অপরিচিত লোক এসে চেয়ারম্যানকে জানান তিনি চেয়ারম্যানের সঙ্গে একা কথা বলবেন। পরে সবাইকে বের হয়ে গেলে বাহিরে অবস্থান করা ৪-৫ জন মাথায় হেলমেট পরে রামদা, হাসুয়া, ছুরি নিয়ে ঢুকে চেয়ারম্যান জাহিদুর রহমানের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা চেয়ারম্যানের হাতে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দিয়েছে। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় চেয়ারম্যানকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ দেশ রূপান্তরকে জানান, কয়েকজন দুর্বৃত্তরা চেয়ারম্যানের উপর হামলা করে পালিয়ে গেছে। কি কারণে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপর হামলা করা হয়েছে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
