জার্মানির পূর্বাঞ্চলীয় ব্রান্ডেনবুর্গ রাজ্যের ফিরিটস গ্রামের একটি বাসা থেকে সন্দেহভাজন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ নভেম্বর) সকালে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী ওই ব্যক্তির বাসায় এক শিশু বিপদাপন্ন— একটি শিশুকল্যাণ অফিস থেকে এমন খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসাটি ঘেরাও করা হয়। এ সময় বাসাটির আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়।
প্রায় ৩০ ঘণ্টা পর বাসাটিতে প্রবেশ করে পুলিশ এবং চিলেকোঠা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। খবর ডয়চে ভেলের।
ওই বাসায় মোট চারজন ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে দুইজন পুরুষ, এক শিশু এবং শিশুর মা ছিলেন। ঘটনার দিন রাতেই শিশুটির মা বাসা থেকে বেরিয়ে যান। আরেক ব্যক্তি বাসা থেকে অস্ত্রসহ বের হওয়ার পর তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বাসা ঘেরাও করে রাখার সময় সন্দেহভাজন ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে ওই বাসার ভেতর থেকে গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেডসহ বেশকিছু বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শিশুটি সুস্থ আছে এবং তাকে যুবকল্যাণ সংস্থার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
