ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে প্রায় ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করতে আনতে উদ্ধার তৎপরতা চলছে।
রোববার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ) এবং পুলিশ সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।
উত্তরকাশীর সার্কেল অফিসার প্রশান্ত কুমার এনডিটিভিকে জানান যে, ৪০ জন শ্রমিকের সবাই নিরাপদ রয়েছে এবং একটি পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তিনি আরও বলেন “আমরা আটকে পড়া শ্রমিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।"
এছাড়া আটকে পড়া শ্রমিকদের পানি ও খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে বলেও জানান এ সরকারি কর্মকর্তা।
উদ্ধারকারী এবং অন্যান্য ভারী মেশিন ব্যবহার করে ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছে বলে জানান অফিসার প্রশান্ত কুমার।
উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে যুক্ত করতে নির্মাণ করা হচ্ছিল এই টানেল। এর ভিতরে আটকে পড়া শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “আমরা আশা করি তারা শীঘ্রই উদ্ধার হবে।"
