ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বরখাস্ত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্র্যাভারম্যান সুনাকের মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য ছিলেন।

সোমবার (১৩ নভেম্বর) সরকারি একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুয়েলা ব্র্যাভারম্যান। এর মধ্য দিয়ে ঋষি সুনাকের ‘কর্তৃত্বকে অস্বীকার’ করেন তিনি।

সমালোচকরা বলেছেন, ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ নিয়ে ব্র্যাভারম্যানের অবস্থান চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে এবং ডানপন্থি বিক্ষোভকারীদের লন্ডনের রাস্তায় নামতে উৎসাহিত করেছে। মূলত এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য চাপে পড়েন সুনাক।

উল্লেখ্য, ইসরাইল–হামাস সংঘাত নিয়ে শনিবার (১১ নভ্ম্বের) লন্ডনের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেন তিন লাখেরও বেশি মানুষ। কিন্তু সেখানে ডানপন্থি বিক্ষোভকারীরা অতর্কিত হামলা চালানোয়, শতাধিক বিক্ষোভকারীকে (ডানপন্থি) গ্রেফতার করে লন্ডন পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের থামাতে অপর একদল বিক্ষোভকারী মিছিলে অতর্কিত হামলা চালানোয় তাদের গ্রেফতার করা হয়েছে।পরে এ হামলার নিন্দা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান ফিলিস্তিনিদের পক্ষে লাখো জনতার এ বিক্ষোভ সমাবেশকে আখ্যায়িত করেন ‘ঘৃণা সমাবেশ’ হিসেবে। এমনকি ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ বন্ধ করে দিতে লন্ডন পুলিশকে অনুরোধও জানিয়েছিলেন তিনি।

সুদের হার বৃদ্ধি এবং ক্রমবর্ধমান বেকারত্বের কারণে ইতোমধ্যেই মন্দায় রয়েছে যুক্তরাজ্য। এছাড়া চলতি বছরের শেষ দিকে দেশটির জিডিপি আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চাওয়ায় যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের এক এমপিকে সরকারি পদ থেকে বরখাস্ত করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত