দেশের উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এজন্য নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে কড়াইলের বস্তিবাসীদের কাছে ভোট চেয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে কড়াইল বস্তিতে বসবাসকারী নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বস্তিবাসীদের কাছে তিনি নৌকায় ভোট চান।
ডিএনসিসি মেয়র বলেন, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে এবং তাদের স্বাবলম্বী করতে এই সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বয়ংক্রিয় এই সেলাই মেশিনের মাধ্যমে নারীরা বিভিন্ন ডিজাইনের পণ্য তৈরি করে চাইলে অনলাইনেও বিক্রি করতে পারবে। অনলাইনে পণ্য বিক্রির সুযোগ থাকায় অনেক অর্থ খরচ করে দোকান দেয়ার প্রয়োজন নেই। চীন সরকারের অর্থায়নে ইউএনডিপি নারীদের আর্থিক স্বচ্ছতা সৃষ্টির জন্য বিনামূল্যে সেলাই মেশিন সরবরাহ করছে। এটির মাধ্যমে একটি পরিবারের আর্থিক সমস্যা দূর হওয়া সম্ভব হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ইউএনডিপি বাংলাদেশসহ বিশ্বের প্রায় আরও ১৭০টি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। বাংলাদেশের সঙ্গে ইউএনডিপি শুধু আজকে নয় সেই ২০১৭ সালেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংস্থাটি কাজ করেছে। বন্যায় রোগাক্রান্ত অসংখ্য মানুষের জন্য ওষুধ সরবারাহ করেছে। ডিএনসিসিতে ইউএনডিপি একটি ইনোভেশন ল্যাব স্থাপনের জন্যও কাজ করছে।
ডিএনসিসি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ (ইউএনডিপি) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কড়াইল বস্তিতে প্রায় ৭০ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
