গাজায় নারী-শিশু হত্যা বন্ধে ইসরায়েলকে ট্রুডোর আহ্বান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১১:২৫ এএম

ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোও সরব হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। ফ্রান্সের পর এবার ইসরায়েলের সমালোচনায় সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার তিনি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নারী, শিশু ও নবজাতক হত্যা ইসরায়েলকে অবশ্যই বন্ধ করতে হবে।

গতকাল মঙ্গলবার কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো এ কথা বলেন। খবর বিবিসি ও রয়টার্স।  

যুদ্ধ শুরুর পর এই প্রথম গতকালই ইসরায়েলের সবচেয়ে তীব্র সমালোচনা করলেন কানাডার প্রধানমন্ত্রী যদিও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে এর আগে জানিয়েছিল দেশটি।

তবে যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রদের মতো কানাডা বিধ্বস্ত গাজায় ক্রমবর্ধমান প্রাণহানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

গতকালের সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। টিভিতে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ব দেখছে। আমরা ডাক্তার, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।‘

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বই নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে ও শিশুদের হত্যার এই ঘটনা প্রত্যক্ষ করছে। এটা বন্ধ করতে হবে।‘

এ ছাড়া ট্রুডো বলেন, ‘ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হামাসকে বন্ধ করতে হবে। সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’

এ সময় তিনি গাজা থেকে প্রায় ৩৫০ কানাডীয় নাগরিক, স্থায়ী বাসিন্দা ও পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান।

এক মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দেড় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ৮ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত