তিন দিনেও উদ্ধার হয়নি টানেলে আটকে পড়া ৪০ শ্রমিক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৫২ পিএম

ভারতের উত্তরাখণ্ডের একটি টানেল ধসে তিনদিন ধরে আটকা পরে আছেন সুড়ঙ্গে ৪০জন শ্রমিক। গত রোববার কাজ করার সময় টানেল ধসে আটকা পড়েন তারা।

তবে মঙ্গলবার রাতে নতুন করে ধস দেখা দেয়ায় তৈরি হয়েছে জটিলতা। এতে করে উদ্ধারকাজে আরও বেশি সময় লাগছে বলছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের উদ্ধারকাজ অনেকটা এগিয়ে গেলেও টানেলে নতুন করে ধস নামায় উদ্ধারকর্মীরা কাজ বন্ধ রাখতে বাধ্য হন। তবে উদ্ধারকাজে সহায়তার জন্য নয়াদিল্লি থেকে নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে। নতুন ড্রিল মেশিন নিয়ে এসে নতুন উদ্যমে ফের উদ্ধারের কাজ শুরু করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এনডিটিভি জানায়, মূলত, ড্রিল করে একটি পাইপ সুড়ঙ্গটির ভেতরে ঢোকানোর চেষ্টা হচ্ছে। সেই পাইপ দিয়েই শ্রমিকরা বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলবার সেই পাইপ ঢোকানোর প্ল্যাটফর্ম তৈরির কাজ অনেকটাই হয়ে গেছিল। কিন্তু নতুন করে ধস নামায় সেই কাজ আটকে যায়। আবার নতুন করে ড্রিলিংয়ের কাজ শুরু করতে হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরকাশী জেলার ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা জানিয়েছিলেন যে, পরিকল্পনা অনুযায়ীও কাজ চললে বুধবারের মধ্যেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যেতে পারে।

তবে নতুন ধসের কারণে কত সময় লাগতে পারে তা এখনও নির্দিষ্ট নয়। তবে আটকে পড়া শ্রমিকদের সাথে ওয়াকি-টকির মাধ্যমে সবসময় যোগাযোগ রাখছে উদ্ধারকারী দলগুলো। এছাড়া একটি টিউবের মাধ্যমে অক্সিজেন, পানি, খাবারের প্যাকেট ও ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারকাজে দেরি হওয়ায় বিক্ষোভ করছেন বেশ কয়েকজন শ্রমিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত