নরসিংদী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির বাম হাত ও পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে তিতাস কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে যাচ্ছিল। দুপুরে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করার সময় এক ব্যক্তি দুই বগির জয়েন্টের হুকে ওঠেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যান। পরে তাকে উঠে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে কয়েক সেকেন্ড দৌঁড়াতে দেখা যায়। এক পর্যায়ে ট্রেনের চাকায় তার লুঙ্গি আটকে গেলে বাম হাত ও পা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে গেলে স্টেশনে অবস্থানরত মানুষ সেখানে জড়ো হন। এ সময় তিনি কাতরাচ্ছিলেন। পরে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশায় হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, নিহত ওই ব্যক্তির নামপরিচয় জানার জন্য আঙুলের ছাপ সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা শনাক্তের চেষ্টা করছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
