ফিলিস্তিনের হাসপাতালে হামলাসহ মানবাধিকার লঙ্ঘনের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের পথে হাঁটছে দক্ষিণ আফ্রিকা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দিতে দেশটির সংসদে একটি বিল উত্থাপন করতে যাচ্ছে বিরোধী দল ইকোনোমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ)। বিরোধীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ( এএনসি)।
দেশটির সংসদে বিতর্কের পর বিলটি পাস করানোর মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে দক্ষিণ আফ্রিকা।
এদিকে, দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরাইল কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি মামলা করেছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার এক বক্তব্যের সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি এ তথ্য জানায়। রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বাস করে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে। যেখানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং হাসপাতাল ও সাধারণ জনসাধারণের ব্যাপক ক্ষতি হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বুধবার (১৫ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার শীর্ষ কূটনীতিক নেলেদি পান্ডোর বলেন, ‘এ ধরনের ভয়াবহতা এবং বিপর্যয়ে আমরা আতঙ্কিত।'
গাজায় ইসরায়েলি বর্বরতা শুরু হওয়ার পরই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি প্রথম থেকেই গাজার সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। দেশটির বর্তমান সরকার ফিলিস্তিনিদের অবর্ণনীয় নিপীড়নের ঘটনাকে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় অবসান ঘটা বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে।
