সালমান শাহের দুই সিনেমার বিশেষ প্রদর্শনী আজ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

ফের বড় পর্দায় প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’ সিনেমা। সালমান শাহ ফ্যান ক্লাবের উদ্যোগে আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমা দুটি প্রদর্শন করা হবে।

সালমান শাহ ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এদিন জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্র প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং মোহাম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

ভক্তদের আমন্ত্রণ জানিয়ে ফ্যান ক্লাব থেকে আরও জানানো হয়, প্রিয় তারকার অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড় পর্দায় দেখার এমন সুযোগ সব সময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড় পর্দায় সালমান শাহ্ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তারা চাইলে এই সুযোগে দেখে নিতে পারেন।

চলচ্চিত্র দুটি উপভোগ করা যাবে বিনা মূল্যে। সালমান শাহ্ ভক্তদের আয়োজনে এই চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তাই আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন সালমান শাহ অভিনীত এ দুটি চলচ্চিত্র।

উল্লেখ্য, জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেন শাবনূর। এ ছাড়া আরও অভিনয় করেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

অন্যদিকে ‘বিক্ষোভ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। মোহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, রাজিব, ডলি জহুর প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত