ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বরিশালে গত ২৮ ঘণ্টা ধরে বৃষ্টিপাত হচ্ছে। ঝোড়ো হাওয়া এবং একটানা বৃষ্টির কারণে বরিশাল নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক ও জেলার উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় জনসাধারণ ও শ্রমজীবী মানুষ। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় বরিশাল আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক মাজারুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২২১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দুপুরে নগরীর বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা যায়, নগরীর গোরস্তান রোড, কলেজ অ্যাভিনিউ, বগুরা রোড, বটতলা, সদর রোড, কাকলির মোর, পুলিশ লাইন বটতলা থেকে হাতেম আলী কলেজ চৌমাথা সড়ক, বটতলা আদম আলী হাজির গলি, অক্সফোর্ড মিশন রোড, করিম কুটির, বিএম স্কুল সড়ক, রূপাতলী হাউজিং, ধান গবেষণা সড়কের খ্রিস্ট্রান কলোনি, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনি, পার্শ্ববর্তী শেবাচিম হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টার, কালুশাহ সড়ক, কাজিপাড়া এবং কাউনিয়া এলাকার বেশ কিছু সড়ক প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাতে নগরীর অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। দোকানের ভেতরে পানি ওঠে যাওয়ায় ব্যবসা-বাণিজেও বিঘ্ন ঘটেছে।
বরিশাল নগরীর সদর রোডের বাসিন্দা মো. রাসেল বলেন, ‘নগরীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থার চরম খারাপ। বৃষ্টির জমাটবাঁধা পানি কোথাও নামার জায়গা নেই। আমরা খুব খারাপ সময় পার করছি। নগরীর নতুন মেয়রকে বলতে চাই, এই জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই।’
নগরীর বটতালার ব্যবসায়ী হারুন মল্লিক বলেন, ‘সকাল থেকেই আমার দোকানে পানি ওঠে গেছে। ড্রেনের পানি সরে না। এখন দোকানের বেচাকেনাও বন্ধ।’
নগরীর রিকশাচালক মো. ইদ্রিস বলেন, ‘সকাল থেকে মাত্র ৩০০ টাকা আয় হয়েছে। রাস্তায় যাত্রী নাই, মাত্র চার-পাঁচজন যাত্রী পেয়েছি। সব জায়গায় পানি জমে আছে। আবার অনেক রাস্তায় হাঁটুর বেশি পানি। এতে গাড়ি চালানোও মুশকিল।’
বরিশাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাসযাত্রীর সংখ্যাও কম। তাই যাত্রী হলে বাস ছাড়া হয় বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।
বৃষ্টির পানি যেন আটকে না থাকে সেজন্য ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নকর্মীরা কাজ করে যাচ্ছেন। দ্রুত পানি অপসারণে ড্রেন পরিচ্ছন্ন করাসহ কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা রেজাউল করিম।
বরিশাল নৌবন্দরসহ দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বৈরী আবহাওয়া বিরাজ করায় অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বহাল থাকবে।
