ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা ক্ষেত থেকে অজ্ঞাত (৫০) এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। ঘটনাস্থলে ব্যবহৃত কিছু জামাকাপড়, একটি শাবল, কিছু বেগুন ও একটি কাঁচি পাওয়া গেছে।
মহারাজপুর ইউনিয়নের খামারাইল ওয়ার্ডের মেম্বর জাহিদুল ইসলাম জানান, সকালে রামনগর গ্রামের কলা ক্ষেতে লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে প্রথমে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা করে।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যক্তি হয়তো দিনমজুরের কাজ করে। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাবল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। আবার অনেকে মনে করছেন, পাশের ক্ষেত থেকে বেগুন তোলার কারণে কেউ চোর সন্দেহে তাকে হত্যা করতে পারে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, নিহতের মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।
