হবিগঞ্জে বিএনপির মশাল মিছিলের ছবি ও ফুটেজ সংগ্রহের সময় আটক দুই সাংবাদিককে ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিএনপির মশাল মিছিলের ছবি ও ফুটেজ তোলার সময় ডিবির এসআই রিয়াজ ও এক সদস্য বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও এস এ টিভির প্রতিনিধি আবদুর রউফ সেলিমকে মারধর, অকথ্য ভাষায় গালিগালাজ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় সাংবাদিক পরিচয় দিলেও রেহাই পাননি ওই দুই সাংবাদিক।
বিষয়টি জানাজানি হলে সাংবাদিকরা প্রেসক্লাবে জরুরি বৈঠকে বসেন। এদিকে ঘটনাটি পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে অবহিত করা হলে তিনি আটক সাংবাদিকদের ছেড়ে দেয়ার নির্দেশ দেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও হবিগঞ্জ থানার ওসি অজয় দেব হবিগঞ্জ প্রেসক্লাবে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রেসক্লাবে এসে হবিগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কর্তব্যপালনে বাধা ও দুই সাংবাদিককে আটক করার ঘটনায় যারা জড়িত এটি তাদের ব্যক্তিগত দায়। পুলিশ বিভাগ এর কোনো দায় নিবে না। শীঘ্রই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
রাত ১১টায় আটক দুই সাংবাদিক ছাড়া পাওয়ার পর হবিগঞ্জ প্রেসক্লাবে এসে তাদের প্রতিক্রিয়া জানান।
