লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদনও। ছিল না লিখিত পরীক্ষার ঝামেলাও। মাত্র কয়েক মিনিটের ভাইভা পরীক্ষায় চাকরি পেলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৩৫ জন প্রত্যাশী। গতকাল শনিবার খুলনা টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে দিনব্যাপী বিভাগীয় এ চাকরি মেলার আয়োজন করে নাগরিক উদ্যোগ।
মেলা প্রসঙ্গে আয়োজক সংস্থা নাগরিক উদ্যোগের প্রকল্প সমন্বয়কারী আবদুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় নাগরিক উদ্যোগ, ব্লাস্ট, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও ওয়েভ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের সঙ্গে অ্যাডভোকেসির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। কিন্তু প্রশিক্ষণ শেষে দেখা যায় তারা প্রয়োজনীয় অর্থ ও সুযোগের অভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বা কোনো মর্যাদাপূর্ণ পেশায় যেতে পারছে না। মর্যাদাপূর্ণ পেশায় পিছিয়ে পড়া ওই জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ বিভাগীয় পর্যায়ে চেম্বার অব কমার্স ও যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে প্রতিনিয়ত অ্যাডভোকেসি করে চলেছে। এই অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানে অন্তর্ভুক্তিতে খুলনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যোগ্যতাসম্পন্ন বেকার যুবদের জন্য দিনব্যাপী এ চাকরি মেলা আয়োজন করে।’
মেলায় অংশ নেওয়া রয়্যাল মেশিনারি করপোরেশন লিমিটেড স্টলের ম্যানেজার ওহিদ খান বলেন, ‘এ ধরনের মেলায় অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। এখানে এসে আমরা আমাদের আধুনিক মেশিনারিজের সঙ্গে মেলায় আগতদের পরিচিত করাতে পারছি। মেলায় যারা চাকরি প্রত্যাশার জন্য আসছেন তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করব। আগামীতেও আমাদের প্রতিষ্ঠান এ ধরনের মেলায় অংশগ্রহণ করবে।’
চাকরি মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের চাকরিদাতা ১৩টি ব্যবসায়ী ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রায় ১০০-এর অধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন।
