প্রাচীনকালে জুদিয়া বা আজকের ইসরাইল ও ফিলিস্তিনের পশ্চিম তীরস্থ পর্বতময় অঞ্চল শাসন করতেন রাজা হেরোদ। বলা হয়ে থাকে তিনি ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং এক উন্মাদ রাজা। তার সম্পর্কে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নিউ টেস্টামেন্ট এমনটাই বর্ণনা আছে। তিনি নাকি যীশুর জন্ম হবে জানতে পেরে ওই এলাকার সমস্ত সদ্যজন্ম নেওয়া শিশুদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। এখন প্রায় একই উন্মাদনা দেখাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিহাসের সেই কালো অধ্যায় যেন আবার ফিরিয়ে এনেছেন নেতানিয়াহু। গাজায় শিশু হত্যায় মজেছে তার বাহিনী। তাই তাকে উন্মাদ রাজা হেরোদ বলে অভিহিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
নেতানিয়াহুকে উদ্দেশ্য করে পেত্রো বলেন, ‘আজ আমরা একজন উন্মাদ লোককে দেখতে পাচ্ছি যার নাম নেতানিয়াহু। যিনি রাজা হেরোদের মতোই গাজায় নিরীহ মানুষ, বিশেষ করে শিশুদের হত্যা করছেন।’
ভেনিজুয়েলা সফরকালে রাজধানী কারাকাসে একটি বইমেলা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।এ সময় গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসনকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রেরও কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, ‘তারা উপলব্ধি করছে না যে তারা বহু নিরীহ মানুষ হত্যা করছে। তারা ছোট ছোট শিশুদেরও হত্যা করছে।’
এ সময় তিনি ঘোষণা করেন কলম্বিয়া জাতিসংঘের কাছে ফিলিস্তিনকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেবে। এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ দায়েরের হুমকিও দিয়েছেন তিনি।
